আপনার ভেতরে কি ইবলিশ কথা বলছে?


আপনার ভেতরে কি ইবলিশ কথা বলছে

ইবলিশ উন্মাদ ছিল না, সে ছিল পরম আলেম।
সে কাফেরও ছিল না, কারণ সে আল্লাহকে খুব ভালো করেই চিনতো।
তাহলে তার এই চরম ধ্বংসের কারণ কী ছিল?
এই একটি প্রশ্নের উত্তর যদি আপনি গভীরভাবে উপলব্ধি করতে পারেন, তবে জীবনের অনেক বড় সত্য আপনার সামনে উন্মোচিত হবে।
ইবলিশ মনে-প্রাণে জানতো আল্লাহ এক। সে সরাসরি আল্লাহর সাথে কথা বলেছে, নিজ চোখে জান্নাত ও জাহান্নাম দেখেছে। এমনকি সে ছিল ফেরেশতাদের শিক্ষক (ওস্তাদ)। তার ইবাদত ও আনুগত্যে কোনো কমতি ছিল না।
তাহলে তার কিসের অভাব ছিল?
তার অভাব ছিল মাত্র একটি জিনিসের—সে নিজেকে চিনতে পারেনি।
মহিমান্বিত আল্লাহ তাকে সরাসরি এ প্রশ্ন করেননি যে, "তুই সেজদা করলি না কেন?"
বরং আল্লাহ জিজ্ঞেস করেছিলেন—"মা মানা'আকা?" অর্থাৎ, "তোকে কিসে বাধা দিল?"
আল্লাহর এই প্রশ্নের গূঢ় অর্থ ছিল—তোর ভেতরে এমন কোন অহংকার বাসা বাঁধলো, যার কারণে তুই আমার আদেশ অমান্য করলি?
সেই অদৃশ্য বাধাটি ছিল—"আনা খাইরুম মিনহু" (আমি তার চেয়ে উত্তম)।
ইবলিশ আগুনের তৈরি আর আদম (আঃ) মাটির তৈরি—এটি ছিল কেবল তার বাহ্যিক যুক্তি। কিন্তু তার আসল রোগটি লুকিয়ে ছিল তার অন্তরে। সে নিজের মনে এক কাল্পনিক অহংকারী ইমেজ বা শ্রেষ্ঠত্ব তৈরি করে ফেলেছিল। সে ভেবেছিল—"আমি এত দীর্ঘকাল ইবাদত করেছি, ফেরেশতাদের সাথে ওঠাবসা করি, আমি অত্যন্ত সম্মানিত ও বিশেষ কেউ (VIP)। আমি কেন মাটির তৈরি আদমের সামনে মাথা নত করবো?"
অথচ আল্লাহর দরবারে 'ভিআইপি' বা বিশেষ মর্যাদার কোনো স্থান নেই। আল্লাহর দরবারে যে নিজেকে বিনম্র ও ছোট মনে করে, আল্লাহ তাকে সম্মানিত করেন। আর যে অহংকার করে নিজেকে বড় ভাবে, আল্লাহ তাকে ধ্বংস করে দেন।
পতনের পর ইবলিশ কী করেছিল জানেন?
সে বিন্দুমাত্র অনুতপ্ত হয়নি, তওবা করেনি। সে বলেনি—"হে আল্লাহ, আমার ভুল হয়ে গেছে।"
উল্টো সে নিজের অপরাধের দায় অন্যের ওপর চাপিয়ে দিল। প্রথমে সে আদম (আঃ)-কে দোষারোপ করল, তারপর খোদ আল্লাহকে উদ্দেশ্য করে বলল—"আপনিই আমাকে পথভ্রষ্ট করেছেন!" (নাউযুবিল্লাহ)।
ঠিক এই জায়গাতেই ছিল আদম (আঃ) এবং ইবলিশের মানসিকতার মূল পার্থক্য।
ভুল করার পর আদম (আঃ) কেঁদে বলেছিলেন—"রব্বানা জলামনা আনফুসানা..." (হে আমাদের রব! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি)।
আর ইবলিশ দাম্ভিকতার সাথে বলেছিল—"আপনি আমাকে দিয়ে ভুল করিয়েছেন।"
একজন নিজের দিকে আঙুল তুললেন এবং অনুশোচনার মাধ্যমে আল্লাহর প্রিয় নবী হলেন।
আরেকজন অন্যের দিকে আঙুল তুলল এবং অহংকারের কারণে অভিশপ্ত শয়তানে পরিণত হলো।
মনে রাখবেন, "ইবলিশ মরে যায়নি, সে প্রতি মুহূর্তে আমাদের ভেতরেই বাস করে।"
যখন আমরা মনের অজান্তেই বলি—
– "আমিই ঠিক, ওই মানুষটাই ভুল।"
– "আমি এই অন্যায়টা করতে বাধ্য হয়েছি শুধু ওর কারণে।"
– "আমার কোনো দোষ নেই, পরিস্থিতিই এমন ছিল।"
– "আমি ওর চেয়ে অনেক উত্তম ও পরহেজগার।"
—তখনই বুঝে নেবেন, আপনার ভেতরের ইবলিশটি কথা বলতে শুরু করেছে।
শয়তান সবসময় চায় আপনি যেন আপনার ভুলগুলো কখনো স্বীকার না করেন। কারণ, যে নিজের ভুল স্বীকার করে না, সে কখনো অনুতপ্ত হয় না, তওবা করে না। আর যে তওবা করে না, সে আল্লাহর রহমত ও ক্ষমা থেকে বঞ্চিত হয়।
তাই আজই নিজের অন্তরের গভীরে অনুসন্ধান করুন—আপনার ভেতরে লুকিয়ে থাকা "আনা খাইরুম মিনহু" (আমিই সেরা) বোধটি কোথায় বাসা বেঁধে আছে?
সেই অহংকারকে দমন করতে পারলেই আপনি প্রকৃত মানুষ। আর ওটাকে লালন করলেই অবিকল ইবলিশ।
(লেখাটি সংগৃহীত। মূল লেখকের নাম জানা নেই, আল্লাহ উনাকে উত্তম প্রতিদান দান করুন। ❤️)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url