মুখের কথা হোক সুন্দর: পবিত্র কুরআনের আলোকে সুন্দর ও মার্জিতভাবে কথা বলার ৮টি ঐশী নিয়ম
আমাদের প্রাত্যহিক জীবনে কথাবার্তা বা যোগাযোগের গুরুত্ব অপরিসীম। আমরা কীভাবে অন্যের সাথে কথা বলছি, তার ওপর আমাদের ব্যক্তিত্ব এবং নৈতিকতা প্রকাশ পায়। ইসলামে সুন্দর ও মার্জিত ভাষায় কথা বলার ওপর বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। মহান আল্লাহ তায়ালা পবিত্র কুরআনের বিভিন্ন আয়াতে আমাদের শিখিয়েছেন কীভাবে কথা বলতে হবে। আজ আমরা জানবো পবিত্র কুরআনের আলোকে সুন্দরভাবে কথা বলার ৮টি গুরুত্বপূর্ণ ঐশী নির্দেশনা, যা আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জীবনের জন্য কল্যাণকর।
পবিত্র কুরআনের আলোকে কথাবার্তা বলার নিয়মাবলী
১. কথা বলার আগে সালাম দেওয়া
যেকোনো আলোচনার শুরুতে বা কারও সাথে দেখা হলে কথা শুরু করার আগে শুভেচ্ছা ও শান্তির বার্তা পাঠানো ইসলামের অন্যতম সুন্দর নিয়ম।
পবিত্র কুরআনের নির্দেশনা: আল্লাহ তায়ালা বলেন, "যখন তোমরা কোনো ঘরে প্রবেশ করবে, তখন তোমরা তোমাদের নিজেদের লোকদের প্রতি সালাম করবে..." (সূরা আন-নূর: ৬১)
২. কথা বলার সময় সতর্ক থাকা
আমরা যা কিছুই মুখ দিয়ে উচ্চারণ করি, তার প্রতিটি শব্দই লিপিবদ্ধ করা হচ্ছে। তাই অসতর্কভাবে বা আবেগের বশে এমন কিছু বলা উচিত নয় যা পরে অনুশোচনার কারণ হয়। পবিত্র কুরআনের নির্দেশনা: "কথা বলার সময় সতর্ক থাকো, কারণ প্রতিটি শব্দই লেখা হচ্ছে।" (সূরা কাফ: ১৮)
৩. সুন্দর ও উত্তমভাবে কথা বলা
মানুষের সাথে কঠোর বা রুক্ষ ভাষায় কথা না বলে সবসময় নম্র এবং সুন্দর ভাষায় কথা বলা উচিত। মিষ্টি কথা মানুষের মন জয় করে। পবিত্র কুরআনের নির্দেশনা: "সুন্দর ও উত্তমভাবে কথা বলো।" (সূরা বাকারাহ: ৮৩)
৪. অনর্থক ও বাজে কথা থেকে বিরত থাকা
যে কথার কোনো ইহজাগতিক বা পরজাগতিক মূল্য নেই, তেমন অনর্থক ও বাজে বিতর্ক বা আড্ডা থেকে নিজেকে দূরে রাখা একজন প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। পবিত্র কুরআনের নির্দেশনা: "অনর্থক ও বাজে কথা থেকে বিরত থাকো।" (সূরা আল-মুমিনুন: ৩)
৫. কণ্ঠস্বর নিচু ও সংযত রাখা (নম্রতার প্রতীক)
যেকোনো সাধারণ বা গম্ভীর আলোচনায় নিজের কণ্ঠস্বরকে নিচু রাখা উচিত। অকারণে চেঁচামেচি বা উচ্চস্বরে কথা বলা অহংকার ও অভদ্রতার পরিপন্থী। ইসলামে নিচু স্বরে কথা বলাকে উন্নত চরিত্রের অংশ হিসেবে গণ্য করা হয়েছে।
পবিত্র কুরআনের নির্দেশনা: মহান আল্লাহ তায়ালা বলেন, وَاقْصِدْ فِي مَشْيِكَ وَاغْضُضْ مِن صَوْتِكَ — "আর তোমার চলার গতিতে মধ্যপন্থা অবলম্বন করো এবং তোমার কণ্ঠস্বর নিচু করো" (সূরা লুকমান: ১৯)
হাদিসের আলোকে: রাসুলুল্লাহ (সা.) নিজে কখনো উচ্চস্বরে বা কর্কশ ভাষায় কথা বলতেন না। হযরত আনাস (রা.) বর্ণনা করেন, "রাসুলুল্লাহ (সা.) স্বভাবগতভাবেই অশ্লীলভাষী, অভিশাপকারী কিংবা উচ্চকণ্ঠে চিৎকার করে কথা বলা ব্যক্তি ছিলেন না।" (সহীহ বুখারী)
৬. সত্য, স্পষ্ট ও সোজা কথা বলা (মিথ্যা ও চাটুকারিতা বর্জন)
কথা বলার সময় ঘুরিয়ে-ফিরিয়ে, অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কথা না বলে সবসময় সত্য, স্পষ্ট এবং সোজা কথা বলা উচিত। সোজা ও স্পষ্ট কথা মানুষের পারস্পরিক বিশ্বাস বাড়ায় এবং সব ধরনের ভুল বোঝাবুঝি দূর করে।
পবিত্র কুরআনের নির্দেশনা: আল্লাহ তায়ালা নির্দেশ দিয়েছেন, يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا — "হে ঈমানদারগণ! আল্লাহকে ভয় করো এবং সঠিক, সোজা ও স্পষ্ট কথা বলো।" (সূরা আল-আহজাব: ৭০)
হাদিসের আলোকে: কথার স্পষ্টতার বিষয়ে হযরত আয়েশা (রা.) বলেন, "রাসুলুল্লাহ (সা.)-এর কথা এত স্পষ্ট ও সুবিন্যস্ত হতো যে, কোনো শ্রোতা তা মুখস্থ করতে চাইলে অনায়াসেই তা পারতো।" (সুনানে আবু দাউদ)
৮. মূর্খ ও অজ্ঞদের এড়িয়ে চলা
যদি কোনো অজ্ঞ বা মূর্খ ব্যক্তি অনর্থক বিতর্ক বা ঝগড়া করতে আসে, তবে তার সাথে তর্ক না বাড়িয়ে শান্তভাবে এড়িয়ে যাওয়াই ইসলামের শিক্ষা।পবিত্র কুরআনের নির্দেশনা: "মূর্খ ও অজ্ঞদের সঙ্গে ঝগড়া নয়-তাদের সালাম দিয়ে এড়িয়ে চলো।" (সূরা আল-ফুরকান: ৬৩)
শেষ কথা: সুন্দর কথা ও উন্নত চরিত্র
আমাদের মুখের একটি সুন্দর কথা যেমন একটি ভাঙা মনকে জোড়া লাগাতে পারে, তেমনি একটি খারাপ বা কর্কশ কথা অন্য মানুষের অন্তরে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান আনে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে।" (সহীহ বুখারী)।আসুন, পবিত্র কুরআনের এই ঐশী নির্দেশনাগুলো আমরা আমাদের বাস্তব জীবনে ফুটিয়ে তুলি। আমাদের কথাবার্তা যেন সবসময় নম্র, মার্জিত এবং অর্থপূর্ণ হয়। মহান আল্লাহ আমাদের সবাইকে সুন্দর ও উত্তম ভাষায় কথা বলার তৌফিক দান করুন। আমীন।
